বুধবার পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে জেলা পুলিশ - প্রশাসন, বন বিভাগ এবং তপশিলি উপজাতির প্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করে পুরুলিয়ার জনজাতির পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় উপজাতি কমিশনের প্রতিনিধিদল ।
তপশিলি উপজাতি এবং জনজাতির বিবিধ বিষয়ে উন্নয়নের জন্য পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে বৈঠক সারেন জাতীয় তপশিলি উপজাতির কমিশনের প্রতিনিধি দল। কিন্তু এই বৈঠকে অনুপস্থিত থাকেন পুরুলিয়ার জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং পুরুলিয়া বনবিভাগ আধিকারিকরা। পুরুলিয়ার তপশিলি উপজাতি এবং জনজাতির খারাপ পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা । জনজাতিদের জমি দখল, শিক্ষার বেহাল দশা, জনজাতি বসতিপূর্ণ এলাকায় পানীয় জল এবং রাস্তার সমস্যা, আবাসের বাড়ি থেকে বঞ্চিত থাকার কথা বলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য আশা লাখড়া । গুরুত্বপুর্ন এই বৈঠকে আলোচনা করে আগামী পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন তিনি ।

