বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে পৌরসভার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা অনাস্থা প্রকাশ করায় পৌরসভার পরিষেবা অচল অবস্থায় পৌঁছেছে। বস্তুত পৌরসভার চেয়ারম্যান ও যারা অনাস্থা পেশ করেছেন তারা সকলেই তৃণমূল। এমত অবস্থায় পৌরসভার বেহাল অবস্থার বিরুদ্ধে বালুরঘাট পৌরসভায় বিক্ষোভ সহ বালুরঘাট মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিলো বামফ্রন্ট।
মঙ্গলবার দুপুরে পৌরসভার গেটে বিক্ষোভ অবস্থানে কয়েকশত বামকর্মী জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। পৌরসভার গেটে বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন বামফ্রন্ট নেতৃত্ব শংকর সাহা, অর্নব চৌধুরী, সুপ্রিয় রায়, তাপস মন্ডল, প্রমুখ। সভা পরিচালনা করেন অনিমেষ চক্রবর্তী। পরবর্তীতে বামফ্রন্ট কর্মীগন বর্তমান বোর্ডের প্রতি অনাস্থা প্রকাশ করে এই বোর্ড ভেঙ্গে দিয়ে নতুন করে নির্বাচনের মধ্যে দিয়ে পৌর বোর্ড গঠনের আবেদন জানান। এরপর পৌরসভার সামনে থেকে মহকুমা শাসকের দপ্তর অবধি বাম নেতৃত্ব ও কর্মীরা মিছিল করে গিয়ে বামফ্রন্টের তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সাধারণ মানুষের পরিষেবার উপরে । দাবি জানানো হয় যে, কোন ভাবেই মানুষের পরিষেবাকে ব্যাহত হতে দেওয়া যাবে না এবং এই সময়ের মধ্যে পৌরসভায় যেন কোন আইনবিরুদ্ধ চুক্তি বা আইনবিরুদ্ধ ভাবে কোন কিছু পাস না করিয়ে নেওয়া হয় তা সম্পর্কে প্রশাসনকে দায়িত্ব সহকারে নজর রাখতে হবে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন পৌরসভার দুজন বাম কাউন্সিলের ও প্রলয় ঘোষ সহ অন্যান্যরা।

