পাকা রাস্তার দাবিতে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত গণপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন আদিবাসী গ্রামবাসীরা। শুক্রবার সকালে কয়েকশো আদিবাসী নারী-পুরুষ ১৪ নম্বর জাতীয় সড়কে ধামসা-মাদল নিয়ে বসে পড়েন।
এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে এবং বহু পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাস আটকে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, গণপুর থেকে চোবাট্টা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তার উপর নির্ভরশীল চোবাট্টা বেলেজোড়া দুধেকাদর কাটাপাহাড়ি সহ একাধিক গ্রামের হাজার হাজার মানুষ। রাস্তা পাকা না হওয়ায় ছোট-বড় কোনও গাড়ি তো দূরের কথা জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। বিক্ষোভকারীদের দাবি পঞ্চায়েত থেকে আশ্বাস মিললেও ফরেস্ট রেঞ্জার অফিসারের আপত্তির কারণে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়নি। অবরোধকারীরা জানান সংশ্লিষ্ট আধিকারিক এসে সমাধানের আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

