বালুরঘাট, ৯ জানুয়ারি: বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব তার গৌরবময় ৭৫তম বর্ষে পদার্পণ করছে। নেতাজি স্পোর্টিং ক্লাবের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ই জানুয়ারী রবিবার বিকেলে ক্লাব সদস্য ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে দীপালিনগর মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করবে।
এর পাশাপাশি, ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কার্যক্রমের আয়োজন করা হবে। ৯ই জানুয়ারী শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্তরের সাংবাদিকদের উপস্থিতিতে ক্লাবের সভাকক্ষে ৭৫ বছর পূর্তি লোগো উন্মোচন অনুষ্ঠান ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ক্লাব সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে লোগোটি উন্মোচন করেন দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ।সাংবাদিক সম্মেলনে ক্লাবের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন কমিটির কর্ণধার ভবেন্দু ভট্টাচার্য বলেন, "ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কার্যক্রমের আয়োজন করা হবে। সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে একটি ক্যান্সার নির্ণয় শিবিরের আয়োজন করা হবে। বিশেষ করে, ক্যান্সার আক্রান্ত মহিলাদের রোগ নিরাময়ের জন্য অস্ত্রোপচারের ক্ষেত্রে ক্লাব বিনামূল্যে সহায়তা প্রদান করবে। এছাড়াও, ক্লাব জেলার দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রদান করবে এবং বছরব্যাপী আরও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের আয়োজন করা হবে।"

