নিজের নাম ‘বিচারাধীন’ তালিকায় চলে যাওয়া এবং দুই ছেলের নাম সম্পূর্ণভাবে তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার আশঙ্কা ও মানসিক চাপে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতার নাম রীনা রানী কুন্ডু (৫০)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রকাশিত এস আই আরের চূড়ান্ত তালিকায় রীনা রানী কুন্ডুর নাম মূল তালিকা থেকে ‘বিচারাধীন’ হিসেবে দেখানো হয়। একই সঙ্গে তার দুই ছেলে শুভদীপ কুন্ডু ও সৌমেন কুন্ডুর নাম তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ পড়ে যায় বলে পরিবারের দাবি। এই ঘটনাকে ঘিরে কয়েকদিন ধরেই প্রবল মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন রীনা দেবী। সোমবার দুপুরে সমস্যার সমাধান খুঁজতে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বাদুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে যান তার দুই ছেলে সৌমেন ও শুভদীপ। সেখানে গিয়ে তারা সংশ্লিষ্ট দপ্তরে নিজেদের নাম বাদ পড়ার বিষয়ে খোঁজখবর নিচ্ছিলেন। ঠিক সেই সময়ই বাড়ি থেকে খবর আসে, তাদের মা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ফিরে আসেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত রীনা রানী কুন্ডুকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। পরিবারের দাবি ও ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বসিরহাটের বাদুড়িয়ায় এসআইআরের চূড়ান্ত তালিকাকে ঘিরে চরম উদ্বেগজনক এক ঘটনার সাক্ষী রইল পশ্চিম চন্ডিপুর গ্রাম।
By -
মার্চ ১০, ২০২৬
0
Tags:

