কাশ্মীরে নয়, এবার নদিয়ার মাটিতেই ফুটল টিউলিপ ফুল। নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলার বাসিন্দা অভিনব বসাক এই অভিনব সাফল্যের নজির গড়েছেন।
পেশায় তন্তুজীবী অভিনবের হাত ধরেই কাশ্মীর ও নেদারল্যান্ডসে পরিচিত টিউলিপ ফুলের দেখা মিলল নদিয়ায়। অভিনব জানান, গত বছর কর্মসূত্রে দিল্লিতে গিয়ে প্রথম টিউলিপ ফুল দেখেন তিনি। তখনই তাঁর মনে প্রশ্ন জাগে, দিল্লিতে যদি এই ফুল ফোটানো যায়, তবে নদিয়ায় কেন নয়? সেই ভাবনা থেকেই উদ্যোগ নেন তিনি। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনলাইনে ১২৫টি টিউলিপ বাল্ব অর্ডার করেন অভিনব। সঠিক নিয়ম মেনে নিয়মিত পরিচর্যার ফলেই মাত্র ৩২ দিনের মাথায় গাছে ফুল ফুটতে শুরু করে। বর্তমানে প্রায় ১৮টি গাছে টিউলিপ ফুটেছে। তিন রঙের বাল্ব লাগানো হলেও এখন পর্যন্ত সাদা রঙের ফুলই দেখা গেছে। প্রতিদিন প্রায় এক ঘণ্টা সময় দিয়ে গুগলের সাহায্যে গাছের যত্ন নিয়েছেন তিনি। অভিনবের এই সাফল্যে খুশি পরিবার ও স্থানীয়রা। এলাকাবাসীর কথায়, এখন টিউলিপ দেখতে কাশ্মীর নয়, এলেই হবে নদিয়ার ফুলিয়ায়।

